কালিগঞ্জ থেকে ১০৭ গ্রাম পুলিশ যাচ্ছেন মহাসমাবেশে

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ
কালিগঞ্জ প্রতিনিধি

আগামী ৭ নভেম্বর ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম পুলিশ মহাসমাবেশ। এতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ১০৭ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নেবেন। তাঁদের অংশগ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।

সভায় মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। নির্ধারিত পোশাক ও ক্যাপ পরিধান, পরিচয়পত্র সঙ্গে রাখা, নিবন্ধন সম্পন্ন করা এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া মহাসমাবেশস্থলে ব্যাগ, পানির বোতল ও অননুমোদিত সামগ্রী বহন না করা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং নিরাপত্তাসংক্রান্ত নিয়মকানুন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিগঞ্জের ১২টি ইউনিয়ন থেকে মোট ১০৭ জন গ্রাম পুলিশ সদস্য এ মহাসমাবেশে যোগ দেবেন। তাঁদের নির্বিঘ্ন যাতায়াত, নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভায় কালিগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন