ভাসমান হাসপাতালের উদ্বোধন, সেবা পাবেন উপকূলের মানুষ

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালিত এ হাসপাতালটি আগামী তিন মাস শিবসা নদীতে অবস্থান করে চিকিৎসাসেবা দেবে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার গড়ইখালীর শিবসা নদীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা তিন মাস গড়ইখালী ও আশপাশের উপকূলীয় এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় এলাকার অনেক মানুষ নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। ভাসমান হাসপাতালটি এসব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন