তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহব্বত আলী সরদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে মহব্বত আলী সরদার বলেন, সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বাড়ায়।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে। কিন্তু সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকের প্রতিভা বিকশিত হয় না। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে। নগরঘাটায় ক্রীড়ার পরিবেশ উন্নয়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি আক্তারুজ্জামান মোড়ল বলেন, গ্রাম পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যথাযথ সুযোগ ও পরিচর্যা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারবে। এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাছাই কমিটির সভাপতি ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম বাবলু বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন তাদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান রিকু। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে নগরঘাটাসহ আশপাশের এলাকার প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখবে।







