পর্যটক ও রাজস্ব আয় কমছে
অবকাঠামো সংকটে পিছিয়ে পর্যটনশিল্প
আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নয়নের সুফল চান উপকূলবাসী
প্রকৃতির অপার সৌন্দর্য, নদী-খাল আর সবুজ অরণ্যের হাতছানি। জীববৈচিত্র্যের আধার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিশাল একটি অংশ রয়েছে সাতক্ষীরায়। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে পারছে না জেলা। পর্যাপ্ত পর্যটকসেবা, আধুনিক নৌযান, মানসম্মত আবাসন এবং উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে পিছিয়ে রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা অংশের পর্যটনশিল্প। এর প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বননির্ভর মানুষের আয়ের ওপর।
সংশ্লিষ্টদের দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণের পর পর্যটকের সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। দুর্বল সড়ক যোগাযোগ, পর্যটনকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব এবং ভ্রমণ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা। গত বছরে সুন্দরবনের সাতক্ষীরা অংশে প্রায় ৪১ হাজার থেকে ৫১ হাজার দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে। পরিকল্পিত বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।
শুধু পর্যটনকেন্দ্রের সৌন্দর্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উপকূলের হাজারো মানুষের জীবন-জীবিকা। নৌযান চালক, জেলে, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁ মালিক, স্থানীয় পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশার মানুষ পর্যটনশিল্পের প্রসারের অপেক্ষায় রয়েছেন। কিন্তু পর্যটনের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও সেই সম্ভাবনার সুফল এখনো প্রত্যন্ত উপকূলের সাধারণ মানুষের কাছে প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি।

সুন্দরবনের সাতক্ষীরা অংশে পর্যটনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে আকাশলীনা ইকোট্যুরিজম কেন্দ্র, কলাগাছিয়া এবং সুন্দরবনের বিভিন্ন নদী ও বনাঞ্চল। এ ছাড়া দুবলার চরও পর্যটকদের কাছে পরিচিত একটি আকর্ষণীয় গন্তব্য। এসব স্থানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ, নদীপথে ভ্রমণ এবং বনের জীববৈচিত্র্য দেখার সুযোগ রয়েছে।
কিন্তু পর্যটনকেন্দ্রগুলোর সম্ভাবনার তুলনায় সুযোগ-সুবিধা এখনো সীমিত। পর্যটকদের জন্য পর্যাপ্ত নৌযান, নিরাপদ অপেক্ষাগার, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত খাবার ও বিশ্রামের ব্যবস্থা নেই। কোথাও কোথাও যাতায়াতের জন্য দীর্ঘ সময় নৌপথের ওপর নির্ভর করতে হয়। ফলে ভ্রমণ পরিকল্পনা করতে গিয়ে অনেক পর্যটককে বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।
পর্যটক কমে যাওয়ার প্রভাব পড়ছে বন বিভাগের পর্যটনসংক্রান্ত রাজস্ব আদায়েও। সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীদের ভাষ্য, পর্যটকের সংখ্যা বাড়লে বন বিভাগের রাজস্বের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়বে। কিন্তু পর্যটন ব্যবস্থাপনার দুর্বলতা দূর না হলে এই সম্ভাবনা কাজে লাগানো কঠিন।
সুন্দরবনের পর্যটন নিয়ে কাজ করা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু পর্যটনকেন্দ্রের প্রচার বাড়িয়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব নয়। পর্যটকদের যাতায়াত, থাকা, খাওয়া, নিরাপত্তা এবং ভ্রমণ শেষে ফিরে আসা পর্যন্ত পুরো ব্যবস্থাকে পর্যটকবান্ধব করতে হবে।
সাতক্ষীরার সুন্দরবন পর্যটনের অন্যতম বড় প্রতিবন্ধকতা দুর্বল যোগাযোগব্যবস্থা। বিশেষ করে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বিভিন্ন অংশের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকদের চলাচল করতে হয়। সড়কের উন্নয়নকাজ চলমান থাকলেও দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি স্থানীয়দের।
পর্যটকদের একটি বড় অংশ সড়কপথে সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরে পৌঁছে সেখান থেকে নৌযানে সুন্দরবন ভ্রমণে যান। ফলে সড়কপথে দীর্ঘ সময় ভোগান্তি হলে পুরো ভ্রমণই হয়ে ওঠে ক্লান্তিকর। বিশেষ করে পরিবার, শিশু ও বয়স্কদের নিয়ে ভ্রমণকারীরা যাতায়াতের দুর্ভোগের কারণে আগ্রহ হারান।
শুধু প্রধান সড়ক নয়, পর্যটনকেন্দ্রের সঙ্গে সংযোগকারী সড়ক, ঘাট ও নৌযানে ওঠানামার ব্যবস্থাও উন্নত করা প্রয়োজন। পর্যটকদের জন্য নিরাপদ পার্কিং, বিশ্রামাগার, তথ্যকেন্দ্র, দিকনির্দেশনামূলক সাইনবোর্ড এবং জরুরি সেবার ব্যবস্থা থাকা জরুরি।
উন্নত সড়ক যোগাযোগ নিশ্চিত হলে শুধু পর্যটক নয়, শ্যামনগরসহ উপকূলীয় এলাকার বিপুলসংখ্যক মানুষও উপকৃত হবেন। স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়বে।
সুন্দরবনের মূল আকর্ষণ উপভোগ করতে পর্যটকদের নৌপথে চলাচল করতে হয়। নদী ও খালের বুক চিরে নৌযানে বনের ভেতর প্রবেশ, পাখির ডাক শোনা, বন্য প্রাণীর বিচরণ দেখা এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোই সুন্দরবন ভ্রমণের বিশেষ আকর্ষণ।
কিন্তু এ ভ্রমণকে নিরাপদ ও আরামদায়ক করতে প্রয়োজন আধুনিক পর্যটকবাহী নৌযান। পর্যাপ্ত আসন, নিরাপত্তা সরঞ্জাম, লাইফ জ্যাকেট, পরিচ্ছন্ন শৌচাগার, মানসম্মত খাবার এবং প্রশিক্ষিত চালক ও গাইড নিশ্চিত করা প্রয়োজন। জরুরি চিকিৎসা ও যোগাযোগের ব্যবস্থাও থাকা দরকার।
অন্যদিকে শ্যামনগর ও সুন্দরবনসংলগ্ন এলাকায় পর্যাপ্ত মানসম্মত আবাসনের অভাব রয়েছে। কিছু হোটেল, রিসোর্ট ও পর্যটক আবাসন থাকলেও পর্যটকের চাহিদার তুলনায় সেগুলো যথেষ্ট নয় বলে সংশ্লিষ্টদের অভিযোগ। বিশেষ করে পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন আবাসনের প্রয়োজন বেশি।
নতুন উদ্যোক্তা আলিম সরদার বলেন, পর্যটকের চাহিদা অনুযায়ী আবাসন, নৌযান, খাবার, প্রশিক্ষিত গাইড ও বিনিয়োগের প্রয়োজন রয়েছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মতে, পর্যটকদের কয়েক ঘণ্টার ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই-তিন দিন অবস্থানের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারিত হবে।
সুন্দরবনকে ঘিরে পর্যটনশিল্পের বিকাশ হলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন স্থানীয় জনগোষ্ঠী। নৌযান পরিচালনা, পর্যটক পরিবহন, খাবারের দোকান, আবাসন, গাইড সেবা, হস্তশিল্প ও স্থানীয় পণ্য বিক্রির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
সুন্দরবনের মধু, মাছ, চিংড়ি এবং উপকূলীয় মানুষের তৈরি বিভিন্ন পণ্য পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে। পর্যটনকেন্দ্রগুলোতে স্থানীয় পণ্যের বিক্রয়কেন্দ্র স্থাপন করা গেলে জেলে, মৌয়াল, মৎস্যজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি লাভবান হবেন।

বিশেষ করে স্থানীয় তরুণদের পর্যটক গাইড, নৌযান পরিচালনা, হসপিটালিটি ও নিরাপত্তাসেবায় প্রশিক্ষণ দিয়ে যুক্ত করা গেলে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সম্ভব। এতে বননির্ভর জীবিকার ওপর চাপও কিছুটা কমতে পারে।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আবদুল হালিমের বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন বাড়লে স্থানীয় অর্থনীতি, দোকানপাটের বিক্রি এবং সরকারি রাজস্ব বাড়বে। সাতক্ষীরা সড়কের কাজ দ্রুত শেষ হলে পর্যটকের আগমন বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য অপেক্ষার জায়গারও সংকট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বন বিভাগের পক্ষ থেকে পর্যটকদের সহযোগিতার বিষয়টি অবশ্য সন্তোষজনক বলে তাঁর পর্যবেক্ষণ।
তবে পর্যটন বিকাশের সুফল যেন শুধু ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। তাঁদের দাবি, পর্যটনকেন্দ্রের আশপাশের মানুষকে পরিকল্পনার অংশ করতে হবে। স্থানীয়দের জমি, জীবিকা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।
গাবুরার মানুষের জীবন এখনো টিকে থাকার সংগ্রাম
সুন্দরবনের সম্ভাবনা নিয়ে যখন পর্যটন উন্নয়নের নানা পরিকল্পনার কথা বলা হচ্ছে, তখন বনের কাছাকাছি উপকূলীয় জনপদের অনেক মানুষের জীবন এখনো মৌলিক নাগরিক সুবিধার অভাবে বিপর্যস্ত।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন তার অন্যতম উদাহরণ। প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস এই দ্বীপ ইউনিয়নে। চারদিকে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদবেষ্টিত এ জনপদের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। কোথাও কোথাও মাটির রাস্তার ওপর নির্ভর করতে হয়। ফলে জরুরি প্রয়োজনে উপজেলা সদর কিংবা উন্নত চিকিৎসাকেন্দ্রে যাতায়াত সহজ নয়।
শিক্ষা ও চিকিৎসাসেবার পর্যাপ্ত সুযোগের অভাব, সুপেয় পানির সংকট, নদীভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এ অঞ্চলের মানুষের নিত্যদিনের বাস্তবতা। ঘূর্ণিঝড় আইলা ও রেমালসহ বিভিন্ন দুর্যোগে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় বসতবাড়ি, কৃষিজমি ও পানির উৎস ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
অনেক ক্ষেত্রে পুকুর ও নলকূপের পানি লবণাক্ত হয়ে পড়ায় সুপেয় পানির সংকট দেখা দেয়। জীবিকার বড় অংশ সুন্দরবন ও নদীকেন্দ্রিক হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সরাসরি পড়ে এখানকার মানুষের আয়ের ওপর।
গাবুরার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “আমাদের এখানে বসবাস করা মানেই প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করা। চারদিকে নদী, প্রায়ই ভাঙন ও জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকে। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে ঘরবাড়ি, রাস্তাঘাট ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়। লবণাক্ত পানির কারণে সুপেয় পানির সংকটও দেখা দেয়। যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় জরুরি প্রয়োজনে কোথাও যাতায়াত করাও কঠিন হয়ে পড়ে। আমরা চাই, টেকসই বেড়িবাঁধ, উন্নত যোগাযোগব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হোক। সুন্দরবনকে ঘিরে পর্যটনের উন্নয়ন হলে আমাদের এলাকার মানুষেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
একই ইউনিয়নের বাসিন্দা তানিয়া সুলতানা বলেন, “আমাদের এলাকায় নারী ও শিশুদের চিকিৎসাসেবা পাওয়া এখনো অনেক কঠিন। পরিবারের কেউ অসুস্থ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দূরে যেতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের জরুরি চিকিৎসার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয়। এর পাশাপাশি সুপেয় পানির সংকট আমাদের নিত্যদিনের সমস্যা। অনেক সময় দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়। আমরা চাই, এলাকায় ভালো চিকিৎসাকেন্দ্র, প্রয়োজনীয় চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা এবং নিরাপদ পানির স্থায়ী সমাধান করা হোক।”
স্থানীয় অভিভাবক কৃষ্ণপদ মন্ডল বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। কিন্তু আমাদের এলাকায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব রয়েছে। অনেক সময় ভালো শিক্ষার জন্য সন্তানদের দূরে পাঠাতে হয়। এতে যাতায়াতের খরচ ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। বিশেষ করে প্রত্যন্ত দ্বীপ এলাকার শিশুদের শিক্ষার সুযোগ শহর বা উপজেলা সদরের মতো নয়। সরকার যদি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষকসংকট দূরীকরণ ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করে, তাহলে আমাদের সন্তানরাও ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।”
সুন্দরবনের পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা সবচেয়ে বড় দায়িত্ব। সুন্দরবন শুধু পর্যটকদের আকর্ষণের জায়গা দিয়ে বিবেচনা না করে এটি উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত থেকে উপকূলকে রক্ষায়ও এ বনের ভূমিকা রয়েছে।
সাতক্ষীরা অংশের আকাশলীনা ও কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্র পর্যটকদের কাছে পরিচিত। এসব কেন্দ্রের ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা ও পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পর্যটকদের জন্য পর্যাপ্ত নৌযান, অপেক্ষাগার, শৌচাগার, নিরাপদ চলাচল এবং তথ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাও উন্নত করতে হবে।
বিশেষ করে পøাস্টিক, খাবারের প্যাকেট ও অন্যান্য বর্জ্য যাতে নদী, খাল কিংবা বনের মধ্যে না ফেলা হয়, সে জন্য নির্দিষ্ট বর্জ্য সংগ্রহব্যবস্থা গড়ে তোলা জরুরি। পর্যটকদের জন্য পরিবেশবিষয়ক নির্দেশনা, নির্ধারিত চলাচল এলাকা এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা থাকা প্রয়োজন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, “সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণœ রেখেই পর্যটন কার্যক্রম পরিচালনা করতে হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়টি বন বিভাগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। পর্যটকদের নির্ধারিত নিয়ম মেনে বনে প্রবেশ, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বিঘœ সৃষ্টি না করার বিষয়ে সচেতন থাকতে হবে। পর্যটন ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে। সুন্দরবনকে সুরক্ষিত রেখে পর্যটকদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
ঢাকা থেকে আসা পর্যটক ওমর ফারুক টুটুল বলেন, “সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। নদী, সবুজ বন আর জীববৈচিত্র্য কাছ থেকে দেখার অভিজ্ঞতা অন্য রকম। তবে এখানে আসার পথে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হওয়া প্রয়োজন। পর্যটকদের জন্য আধুনিক ও নিরাপদ নৌযান, মানসম্মত আবাসন, ভালো খাবার এবং পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা থাকলে ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যদায়ক হতো। সুন্দরবনের এত সম্ভাবনা থাকা সত্তে¡ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব কিছুটা হতাশ করে। এসব সমস্যা সমাধান করা গেলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সাতক্ষীরার সুন্দরবন আরও আকর্ষণীয় হয়ে উঠবে।”
আরেক পর্যটক নুসরাত জাহান বলেন, “সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে সত্যিই মুগ্ধ হয়েছি। তবে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিচ্ছন্ন শৌচাগার, বসার ও বিশ্রামের জায়গা এবং মানসম্মত খাবারের ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক পর্যটকদের জন্য এসব সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। পর্যটনকেন্দ্রের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করাও জরুরি। সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভ্রমণ আরও আনন্দদায়ক হবে।”
পর্যটনসংশ্লিষ্টদের মতে, সুন্দরবনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু ভ্রমণের খরচ, যাতায়াতের সময়, থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনেকেই ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করেন। এসব সীমাবদ্ধতা দূর করা গেলে আগামী শীত মৌসুমে পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগব্যবস্থা ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে চলমান উন্নয়নকাজের পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, থাকা-খাওয়া এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে পরিকল্পিত পর্যটনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
পর্যটকেরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করবেন, অথচ সেই বনের পাশে বসবাস করা মানুষ শিক্ষা, চিকিৎসা, সুপেয় পানি ও নিরাপদ জীবনের অধিকার থেকে বঞ্চিত রয়েছেনে। সুন্দরবনকে বাঁচিয়ে রেখে পর্যটন অর্থনীতির বিকাশ এবং সেই উন্নয়নের সুফল উপকূলবাসীর ঘরে পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।







