দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ
ঝাউডাঙ্গা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটিতে দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

কেঁড়াগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। মাদ্রাসার প্রধান শিক্ষক ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সাইফুল আলম, তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ কাশেম, একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আমিরুল ইসলাম এবং ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ইকবাল হোসেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে তাদের আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

সমাবেশে শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য মো. সাইফুল্লাহ, মাওলানা মশিউর রহমান, আব্দুস সালাম, আসলাম হোসেন, আল মামুন, আব্দুল আজিজ ও আকবর হোসেন, আব্দুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন