‘রাষ্ট্র গঠনে মাদরাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে’

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, মাদরাসার শিক্ষার্থীদের দুর্বল করে দেখার কোনো সুযোগ নেই। দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার অন্যতম একটি ধারা হলো মাদরাসা শিক্ষা। দিন দিন মানুষের মধ্যে এ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, সাতক্ষীরার জান্নাতুল কুরআন মাদরাসার অভিভাবক সমাবেশই তার প্রমাণ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুরে জান্নাতুল কুরআন মাদরাসা ক্যাম্পাসে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম মুকুল আরও বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতে সফলতা অর্জনের জন্য ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় প্রয়োজন। মাদরাসা শিক্ষাব্যবস্থায় এ দুই ধারার শিক্ষার সমন্বয় ঘটেছে। তাই এ শিক্ষার প্রসারে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।

মাদরাসা শিক্ষার মর্যাদা ও স্বীকৃতির বিষয়ে তিনি বলেন, শিক্ষার সব ক্ষেত্রে মাদরাসা শিক্ষাকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে মাদরাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় উত্তীর্ণদের মতো সমানভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

জান্নাতুল কুরআন মাদরাসার চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, বাংলা ও ইংরেজি অনুবাদ, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, হামদ-নাত, ইসলামি সংগীতসহ বিভিন্ন শিক্ষামূলক পরিবেশনা উপস্থাপন করে। পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়।

এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন