সাতক্ষীরায় ‘বিজ’-এর উদ্যোগে ১ হাজার ৬০০ চারা বিতরণ

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাতক্ষীরায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ১ হাজার ৬০০ চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার মেহেদীবাগ এলাকায় সংস্থাটির সদর শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সমিতির সদস্য, স্থানীয় কৃষক ও গৃহিণীদের মধ্যে বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালা আজেলের সহকারী পরিচালক (এএ) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জোনের জোনাল ম্যানেজার মো. হারুন-অর রশিদ ও প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মো. শরিফউদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো. দেলোয়ার হোসাইন। সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মো. সজিবুল ইসলাম। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার ব্যবস্থাপক মো. রনি ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ অক্সিজেন ও ফলমূল সরবরাহের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি এবং ঔষধি গুণাগুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করতেই বিজের এ উদ্যোগ। বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা করা হলে পরিবেশের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত গ্রাহকদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন