উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণা মরহুম আব্দুল্লাহ মাহমুদ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে ৬০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাড়িয়ালায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আব্দুল্লাহ মাহমুদ ফ্যামিলি (এএমএফ)-এর সার্বিক সহযোগিতা ও অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করে উদারতা যুব ফাউন্ডেশন। এতে শ্রীউলা ইউনিয়নের ৬০টি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. জুবায়ের আহম্মেদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্জীব কুমার দাশ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যুবসমাজের স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখে। মরহুম আব্দুল্লাহ মাহমুদের মানবিক আদর্শকে ধারণ করে উদারতা যুব ফাউন্ডেশন ও এএমএফের এ যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
বিতরণ করা প্রতিটি খাদ্যসামগ্রীর ব্যাগে ছিল ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ ও এক লিটার সয়াবিন তেল।
সংগঠনের সমন্বয়ক আবু তাহেরের সঞ্চালনায় এবং প্রশাসনিক কর্মকর্তা আল-আমিনের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচি বাস্তবায়িত হয়। এ সময় সংগঠনের সদস্য হারান, আরোয়া, আরিফ, স্বাধীন, নজরুল, সোহেল, সুমনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল্লাহ মাহমুদের মানবিক চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্নকে এগিয়ে নিতে উদারতা যুব ফাউন্ডেশন নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।







