সাতক্ষীরায় ৩০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
ডেস্ক রিপোর্ট

গান, কবিতা, নৃত্য ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছিল সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ৩০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে এ আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এম. বেলাল হোসাইন ও সাবেক সভাপতি মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি।

শিক্ষার্থী শুকরিয়া শরিফ ও জারিন সুবাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা আবৃত্তি, নৃত্য, অভিনয় ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মিলনায়তনজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

অনুষ্ঠানের শেষ পর্বে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৩০ শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য অতিথিরা।

এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন