সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবসে সচেতনতামূলক র‍্যালি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ণ
HridoyBarta
বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের (কোলন ও পাইলস চিকিৎসা কেন্দ্র) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পাইলস রোগের প্রতিরোধ, লক্ষণ ও চিকিৎসা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এ সময় জবেদা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. এনামুল হক, অ্যাসিস্ট্যান্ট মো. আমানুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা পাইলস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এতে নিয়মিত মলত্যাগের অভ্যাস গড়ে তোলা, মলত্যাগের সময় অতিরিক্ত চাপ না দেওয়া, পর্যাপ্ত পানি পান ও আঁশযুক্ত খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাইলস একটি পরিচিত স্বাস্থ্য সমস্যা হলেও এ রোগ নিয়ে অনেকের মধ্যে সংকোচ ও অবহেলা রয়েছে। ফলে অনেকেই সময়মতো চিকিৎসকের পরামর্শ নেন না। পাইলসের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
পাশাপাশি পাইলস প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান, নিয়মিত মলত্যাগ এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন