সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে পুনর্নিয়োগ এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে মনোনীত হওয়ায় চার আইন কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনা জানিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাব। তাঁদের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধি ও সুধীজনের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় প্রেসক্লাব মিলনায়তন।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হন পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার এবং অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, এপিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিপি অ্যাডভোকেট এ.বি.এম. সেলিম, অ্যাডভোকেট আব্দুস সাত্তার (২) ও অ্যাডভোকেট তারিক ইকবাল অপু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সমুন্নত রাখতে আইন কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে বিচারপ্রার্থীরা যেন ন্যায়বিচার পান, সেটিই প্রত্যাশা। নতুন দায়িত্বে মনোনীত আইন কর্মকর্তারা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা দিয়ে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, বিআরডিবির সভাপতি শেখ লুৎফর রহমান, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম. আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রোকেয়া মনসুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাহমুদুর রহমান, কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নাজমুল ইসলাম ও ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন কাজী আল মামুন, মীর জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম, জাহিদুর রহমান, ফজলুল হক, রেদওয়ান ফেরদৌস রনি, আতিকুর রহমান, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, ডা. নাছিম, বিক্রমজিত সরকার, আব্দুর রহমানসহ প্রেসক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে চার আইন কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দিয়ে নতুন দায়িত্ব পালনে সাফল্য ও উত্তরোত্তর পেশাগত সমৃদ্ধি কামনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।







