তালা

বৃষ্টিতে ডুবে থাকা মানুষের পাশে ইউএনও দীপা রাণী সরকার

  তালা প্রতিনিধি ৯ জুলাই ২০২৫ , ১১:৩৮:১৩ অনলাইন সংস্করণ

❝যোগদানের পরদিনই জলাবদ্ধ এলাকা ঘুরে দেখলেন, নালা কেটে দিলেন, পাইপ বসানোর নির্দেশ❞

সাতক্ষীরার তালা উপজেলায় কয়েকদিনের টানা ভারি বর্ষণে তেতুলিয়া, খলিলনগর, খলিসখালী, খেশরা সহ বেশ কয়েকটি ইউনিয়নের নিন্মাঞ্চল তলিয়ে গেছে পানিতে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ভেসে গেছে শত শত বিঘা মাছের ঘের, বীজতলা, শাকসবজির ক্ষেত। এসব ক্ষয়ক্ষতির মাঝে কৃষক ও শ্রমজীবী মানুষের স্বপ্ন ডুবে গেছে হাহাকারে।

এই বাস্তবতায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার দায়িত্ব গ্রহণের পরদিনই নামলেন দুর্যোগপীড়িত মানুষের পাশে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে তিনি তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি, লাউতাড়া, সুভাষিণী ও নওয়াপাড়া এলাকার জলাবদ্ধ অঞ্চল সরেজমিন পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন।

পরিদর্শনকালে ইউএনও দীপা রাণী সরকার ভূক্তভোগীদের সঙ্গে কথা বলেন। কয়েকটি বাড়ির উঠানে জমে থাকা পানি সরাতে তাৎক্ষণিক ছোট নালা কেটে প্লাস্টিক পাইপ বসানোর নির্দেশ দেন। এতে হতাশায় ডুবে থাকা মানুষ কিছুটা স্বস্তি ফিরে পায়।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, “মূষলধারে বৃষ্টির মধ্যে সদ্য যোগদানকারী ইউএনও ম্যাডাম আমাদের ইউনিয়নে এসেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তার আন্তরিকতায় আমি ইউনিয়নবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও জানান, ইউএনও নির্দেশ দিয়েছেন নেটপাটা অপসারণে এলাকাবাসীকে মাইকিং করার জন্য এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পাইপ স্থাপনের ব্যবস্থা নিতে। এ নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে প্লাস্টিকের পাইপ কিনে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, “ডিসি স্যার আমাকে বলেছেন, তালার মূল সমস্যা জলাবদ্ধতা। তিনি এই সমস্যা সমাধানে আন্তরিক। আমি নিজেও কাজ শুরু করেছি। তেঁতুলিয়ার কিছু এলাকা পরিদর্শন করেছি। পর্যায়ক্রমে অন্যান্য জায়গাও ঘুরে দেখব। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে করণীয় নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান সাহেবকে কয়েকটি স্থানে পাইপ লাগানোর পরামর্শ দিয়েছি। নেটপাটা অপসারণেও উদ্যোগ নিতে বলেছি। সবাই মিলে কাজ করলে এই সমস্যা সমাধান সম্ভব।”

নবাগত ইউএনও দীপা রাণী সরকারের এই মানবিক ও মাটির কাছাকাছি তৎপরতা জনমনে প্রশংসা কুড়িয়েছে। বৃষ্টিতে ভিজেও মানুষ দেখেছে প্রশাসনের পাশে দাঁড়ানোর বাস্তব উদাহরণ। তাঁর এই উদ্যোগ তালার জলাবদ্ধতা সমস্যা সমাধানে আশার আলো হয়ে উঠেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম মনু এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও খবর