সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, উইনসেরেক্স সিরাপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন পদ্মশাখরা, কাকডাঙ্গা ও বৈকারী বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ ও ওই ব্যক্তিকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-১ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গার মুখ এলাকা থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও উইনসেরেক্স সিরাপ জব্দ করে। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩-এসের ৩ আরবি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছবেদ মোড় এলাকা থেকে ১৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

এ ছাড়া বৈকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭/৪৩-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী কাপালিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মো. আসাদুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আমিনুদ্দিন সরদারের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড জব্দ করা হয়। সিম কার্ডগুলোর একটি ভারতীয় এবং বাকি তিনটি বাংলাদেশি।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের মোট মূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা। শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষায় সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন