কলারোয়া

দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করবে : সাবেক এমপি হাবিব

  নিজস্ব প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৪:৪৭:৩৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, “দেশের মানুষ জোট বেঁধেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে।” এ সময় তিনি অভিযোগ করে বলেন, “বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সীমান্ত অঞ্চলের মানুষ প্রতিনিয়ত গ্রেপ্তার আতঙ্কে ছিল, র‌্যাব ও পুলিশের ভয়ে দিন কাটাত। বিএনপি ক্ষমতায় এলে অন্যায়ভাবে কাউকে রাতের আঁধারে বাড়ি থেকে তুলে নেওয়া হবে না। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মুজিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, মো. আশরাফ হোসেন, বিএনপি নেতা আশরাফুজ্জামান মন্টু, প্রভাষক সালাউদ্দিন পারভেজ, কৃষক দল নেতা মাস্টার মনিরুজ্জামান মনি প্রমুখ।

আরও খবর