কালিগঞ্জ

কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক উদ্ধার

  কালিগঞ্জ প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ২:৫৬:৫৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী নবজাতক কন্যাসন্তান প্রসবের পর উদ্ধার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে পুকুরপাড়ের একটি তিনতলা ভবনের পাশ থেকে স্থানীয়রা তাকে ও নবজাতককে উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছে সদ্যপ্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করেন। পরে বেলা ১টার দিকে তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান হাসপাতালে গিয়ে মা ও শিশুর খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী জানান, মা ও নবজাতক কন্যা শিশু দুজনেই সুস্থ রয়েছেন এবং চিকিৎসক ও নার্সদের নিবিড় তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই মানসিক ভারসাম্যহীন নারী দীর্ঘদিন ধরে নলতা হাটবাজার ও আশপাশের এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করছিলেন।
তিনি কোথায় ও কীভাবে গর্ভবতী হয়েছেন, সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জ উপজেলায় এর আগেও একাধিক মানসিক ভারসাম্যহীন নারী একইভাবে নির্যাতনের শিকার হয়ে সন্তান প্রসব করেছেন। তবে সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি। এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও খবর