ডেস্ক রিপোর্ট ৩১ জানুয়ারি ২০২৬ , ৩:২০:০০ অনলাইন সংস্করণ
দেবহাটা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সখিপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সখিপুর মোড়ে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, কেন্দ্রীয় কৃষক দলের সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শাহীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কবির মিঠু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা নির্বাচনী টিম লিডার ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউর জামান বাদশা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাস ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আব্দুর রউফ বলেন, “আপনারা যদি আমার সঙ্গে থাকেন, তাহলে দেবহাটা থেকেই বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আমাদের প্রতিপক্ষ একটি দল নানাভাবে ষড়যন্ত্র করছে, বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আজকের জনসভায় মা-বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে তারা এসব ষড়যন্ত্রকে লাল কার্ড দেখিয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশটি সঞ্চালনা করেন দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।

















