আশাশুনি প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ , ৫:৫০:০৫ অনলাইন সংস্করণ
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে আশাশুনিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা নবাগত নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশন, বুধাটা বাজার, বেউলা শেতপুর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান। এ সময় পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।

















