পাটকেলঘাটায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা বসুন্ধরা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল মজিদ বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। শাকদাহ এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনাস্থলে ‘সৌদিয়া পরিবহন’ লেখা একটি বাসের লুকিং গ্লাস পড়ে থাকতে দেখা যায়।

নিহতের ছেলে কালাম মোড়ল ও সালাম মোড়ল জানান, তাদের বাবা সকালে কাজের উদ্দেশ্যে বাইসাইকেলে করে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শাকদাহ এলাকায় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে যায়। এ কারণে বাসটি আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।’

বিজ্ঞাপন