দেবহাটা

দেবহাটায় বোয়ালমারী খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  ডেস্ক রিপোর্ট ৯ এপ্রিল ২০২৬ , ২:৫৪:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেছেন, খাল খনন প্রকল্প বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে বোয়ালমারী খাল খনন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশব্যাপী এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বোয়ালমারী খালসহ জেলার আরও একাধিক খাল পর্যায়ক্রমে খনন করা হবে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্কেচ ম্যাপ অনুসরণ করে যথাযথভাবে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন এবং স্থানীয় জনগণকে এ কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ বোয়ালমারী খাল খনন করা হবে।

আরও খবর