আশাশুনি

মরিচ্চাপ ব্রিজে ভয়াবহ ভাঙন, দ্রুত বাঁধ রক্ষার আশ্বাস পাউবো’র

  আশাশুনি প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৬ , ২:৩৯:২৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি বাজার ও মরিচ্চাপ ব্রিজ সংলগ্ন এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ শুরুর আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক, উপসহকারী প্রকৌশলী (এসডিই) রাশেদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, বাজার কমিটির সেক্রেটারি এবিএম আলমগীর পিন্টু, কোষাধ্যক্ষ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামসহ আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম তাজকিয়া সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার-এর অবগতির ভিত্তিতে তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, মরিচ্চাপ নদী খননের ফলে নদীর গভীরতা কমে যাওয়ায় স্রোতের তীব্রতায় বাজারসংলগ্ন এলাকায় ভাঙন বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, জরুরি ব্যবস্থা হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু করা হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে ব্রিজ সংলগ্ন একটি পাকা বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আশাশুনি বাজারের বহু দোকানপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। এছাড়া ব্রিজের উত্তর পাশের চাপড়া-মাদ্রা গ্রামেও ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

এলাকাবাসী দ্রুত স্থায়ী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিতে পাউবো’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর