ডেস্ক রিপোর্ট ৬ জুন ২০২৬ , ৩:৩৩:৫২ অনলাইন সংস্করণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রুপা রানী পাল, মেডিকেল অফিসার ডা. রিপন কুমার ঘোষ, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট মশিউর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালি শেষে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে একটি ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে।











