এম কামরুজ্জামান ৮ জুন ২০২৬ , ৪:৫২:৫২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনে অপহৃত চার জেলের মুক্তি মিলেনি সাতদিনেও, যদিও তাদের পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৩১ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর চালতেবেড়ে ও সুবদে খাল এলাকা থেকে ইয়াছিন খাঁ, শাহজাহান খাঁ, শাহজাহান আলী ও শরিফুলসহ কয়েকজন জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যুরা।
স্থানীয় সূত্র জানায়, কালিনগরের সফিকুল ও শাহজাহানের নেতৃত্বাধীন ‘নানাভাই বাহিনী’ নামের জলদস্যু চক্র প্রথমে চার জেলের মুক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করে। পরে দর-কষাকষির মাধ্যমে দুই লাখ ৪০ হাজার টাকায় সমঝোতা হয়।
অভিযোগ অনুযায়ী, ইয়াছিনের জন্য ১ লাখ ২০ হাজার টাকা এবং অন্য তিনজনের জন্য ৪০ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে পরিশোধ করা হলেও এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি।
অপহৃতদের স্বজনদের দাবি, অন্য জেলেদের ছেড়ে দিলেও একটি ঘটনার জের ধরে ওই চারজনকে এখনো আটকে রাখা হয়েছে। এতে পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এক স্বজন জানান, নৌকায় ঘুমন্ত অবস্থায় থাকা জেলেদের ধরে নিয়ে যায় দস্যুরা। পরে মুক্তিপণ দিলেও “নৌকা না পাওয়ার অজুহাতে” তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, জুনের শুরু থেকেই সুন্দরবনে জেলে প্রবেশ সীমিত রয়েছে। বিষয়টি কোস্ট গার্ডকে জানানো হয়েছে এবং তারা এ বিষয়ে কাজ করছে।
অন্যদিকে কোস্ট গার্ড মোংলা জোনের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তারা গুরুত্ব সহকারে তদন্ত করছেন।
শ্যামনগর থানার ওসি জানান, সুন্দরবনে জেলে জিম্মি হলে অনেক সময় স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে মুক্তির চেষ্টা করা হয়, তবে বিষয়টি তারা নজরে রেখেছেন।

















