এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১০ জুন ২০২৬ , ৩:৪৮:৩২ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গাজীর বাজার এলাকায় একটি চায়ের দোকানকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া এবং বখাটেদের আড্ডার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীর বাজারের পূর্ব পাশে অবস্থিত সফিউল্লাহর মালিকানাধীন চায়ের দোকানটিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দোকানটিতে মাদকসেবীদের আড্ডা, কেরাম বোর্ডকে কেন্দ্র করে জুয়ার আসর এবং উচ্চ শব্দে গান-বাজনার কারণে স্থানীয় পরিবেশ ব্যাহত হচ্ছে।
অভিযোগ রয়েছে, দোকানটির আশপাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং একটি মসজিদ থাকায় শিক্ষার্থী, অভিভাবক ও মুসল্লিরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকানটির আশপাশে কিছু যুবকের আনাগোনা বেড়ে যায়। উচ্চ শব্দে গান-বাজনা ও বিশৃঙ্খল পরিবেশের কারণে সাধারণ মানুষের চলাচল এবং শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
এছাড়া স্থানীয়দের একটি অংশের দাবি, স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রীদের মাঝে মাঝে উত্যক্ত করার ঘটনাও ঘটছে, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়।

















