আশাশুনি প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ১:২১:৩৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সসহ বড়দল বাজারের মোটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন আমিনুর গাজীর চায়ের দোকানে অভিযান চালান।
অভিযানকালে তাস দিয়ে জুয়া খেলার সময় বড়দল গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে মো. আমিনুর গাজী (৫০), মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মো. মিজানুর রহমান (৫৪), মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী (৪৮) এবং বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মো. মুকুল সানা (৪৪)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মণ্ডলের ছেলে সরজিৎ মণ্ডল (৪৫) এবং বড়দল গাজীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫২ পিস বিভিন্ন রঙের তাস এবং জুয়া খেলার নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন এবং পলাতক তিনজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চার আসামিকে সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

















