আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
HridoyBarta

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, আবু সাঈদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রক্তের ঋণ জাতি কখনো ভুলবে না এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও জোটের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা শহীদ আবু সাঈদের আদর্শ ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন