শ্যামনগরে বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ণ
এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো

সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর আলী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইজিবাইক নিয়ে চলাচলের সময় ভেটখালি থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ইজিবাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন