সাতক্ষীরা

সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি সভা

  ডেস্ক রিপোর্ট ১৬ জুলাই ২০২৬ , ৩:৩৩:১০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, বিভিন্ন প্ল্যাটফর্ম ও নেটওয়ার্কের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনদের নিয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ম্যানগ্রোভ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সভাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার ইন্সপেক্টর মো. আশরাফ আলী, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা নাগরিক কমিটির আলিনুর খান বাবুল, পরিবেশ উন্নয়ন সংঘের সভাপতি পল্টু বাসার, টিআইবির প্রকল্প সমন্বয়কারী আল আমিন, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর এবং জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

এছাড়া উপস্থিত ছিলেন অঞ্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, মাহিদা মিজান, অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরায় পরিবেশ দূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর নেতিবাচক প্রভাব জনস্বাস্থ্য, জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের ওপর পড়ছে। তাই পরিবেশ দূষণ রোধে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুব-নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

সভায় জানানো হয়, এ উদ্যোগের অন্যতম লক্ষ্য সাতক্ষীরা শহরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে মানসম্মত নাগরিক সেবা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে প্রশিক্ষিত যুব সদস্যদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ী ডাস্টবিন ও আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানানো হবে।

সভায় অংশগ্রহণকারীরা উন্নত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর