জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা সম্প্রসারণ এবং যুবদের কৃষিতে সম্পৃক্ত করার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি বিভাগের সঙ্গে যুব প্রতিনিধি ও স্থানীয় কৃষকদের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সিডো (CEDO) কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরা ইয়ুথ হাব ও বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ-এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাদিয়া ফাহমিন রিমা। বিশেষ অতিথি ছিলেন ফিংড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. আলকাস আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর ইনস্পিরেটর সুমন হোসেন। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা (ব্রহ্মরাজপুর ইউনিয়ন), আইরিন সুলতানা (ফিংড়ি ইউনিয়ন), স্থানীয় কৃষক, যুব প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা।
সংলাপে জলবায়ু সহনশীল ও টেকসই কৃষি চর্চার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, সম্ভাবনা এবং সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি যুব কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের কার্যকর যোগাযোগ বৃদ্ধি, জলবায়ু উপযোগী কৃষি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং কৃষি বিভাগের সেবাগুলোকে আরও সহজলভ্য ও দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় স্থানীয় পর্যায়ে জলাবদ্ধ ও লবণাক্ত এলাকায় বিকল্প ফসলের চাষ, জৈব কৃষি, ভার্মি কম্পোস্ট উৎপাদন, স্মার্ট ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার, মৌসুমভিত্তিক সবজি চাষ, কৃষি বিভাগের সেবা গ্রহণের উপায় এবং সবুজ উদ্যোক্তা তৈরির বিষয়ে বিভিন্ন মতামত উঠে আসে।
যুব প্রতিনিধিরা জলাবদ্ধ ও লবণাক্ত এলাকায় বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ, আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা, এগ্রোইকোলজি চর্চার প্রসার এবং যুব কৃষক ও সবুজ উদ্যোক্তা তৈরিতে সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান।
এসব দাবির বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা ইতিবাচক সাড়া দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকিব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, আরাফাত হোসেন, রিপন হোসেন এবং ইয়ুথ ফেলো স্বপ্না পারভীন।







