শ্যামনগর

শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২০ জুলাই ২০২৬ , ২:৪৭:২৫ অনলাইন সংস্করণ

‘উপকূলীয় জনপদ, হতে হবে নিরাপদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মনিরুজ্জামান বলেন, আগামী পাঁচ বছরে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকলকে সঙ্গে নিয়েই শ্যামনগরের উন্নয়নে কাজ করা হবে। তিনি বলেন, খুব শিগগিরই শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পর্যটন কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির নেতা আশেক ইলাহি মুন্না, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সোলাইমান কবীর, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু সাঈদ এবং বিএনপি নেতা লিয়াকত আলী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আরও খবর