এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৩ জুলাই ২০২৬ , ৩:৪৫:৪৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১০টার দিকে উপজেলার ১২০ নম্বর দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে পানির ট্যাংক পরিষ্কার করানো হচ্ছিল। এ সময় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।
আহত শিক্ষার্থী বলেন, “ম্যাডাম নাজমুন নাহার আমাদের কয়েকজনকে ছাদে পানির ট্যাংক পরিষ্কার করতে পাঠান। কাজ করার সময় আমার হাতে বিদ্যুতের তার লেগে যায়, তখন আমি আহত হই।”
ঘটনার পর শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক ও দায়িত্বহীন। তারা বলেন, এ ঘটনায় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, “বাচ্চার চিকিৎসা চলছে। আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি।”
শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “আমি বিষয়টি জেনেছি এবং নিজে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে এসেছি। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেনকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

















