দেবহাটা প্রতিনিধি ৯ আগস্ট ২০২৬ , ৩:৫২:৪৮ অনলাইন সংস্করণ
মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেবহাটায় পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল থেকে দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ক্যাপ্টেন শাহজাহান মাস্টার মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে বাদ যোহর মরহুমের কবর জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়।
মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। দেবহাটা সরকারি হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সমাজসেবক আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সিপিবির সাতক্ষীরা জেলা সভাপতি আবুল হোসেন, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহি, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য সচিব মুনসুর রহমান, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক সদস্য সরদার আমজাদ হোসেন, সাতক্ষীরা জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর, জেলা জাসদের সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা ও স্মৃতিচারণে বক্তারা বলেন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী ও আপসহীন যোদ্ধা। নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধের ময়দানের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী দেশ গঠনেও তিনি নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন আপসহীন। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবদান ও স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এলাকার সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাদ যোহর ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের কবর জিয়ারত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

















