‘দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সভ্যতার সূচনালগ্ন থেকেই দুর্নীতির অস্তিত্ব রয়েছে। দুর্নীতির অন্যতম মূল কারণ মানুষের মধ্যে লোভের বিস্তার। মানুষ যখন লোভের বশবর্তী হয়, তখনই দুর্নীতিতে জড়িয়ে পড়ে। নৈতিকতার বিকাশ ঘটলে মানুষের চিন্তারও বিকাশ ঘটবে। তখন মানুষ দুর্নীতি থেকে দূরে থাকতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, এনডিসি নাফিউল ইসলাম ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক শাহেদ মোস্তফা চৌধুরী ও প্রভাষক ওমর ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘দুর্নীতি বিরোধী পদক্ষেপে সরকারের দায়বদ্ধতাই বেশি’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পক্ষে এবং বাকাল মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অংশ নেয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম।
এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মো. শহিদুর রহমান, অ্যাডভোকেট মুহা. মুনির উদ্দীন, মো. নাজমুল হক, অধ্যাপক আব্দুল ওহাব আজাদসহ প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ের এ বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাতক্ষীরার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।







