তালায় হাবিবের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
মারুফ হুসাইন

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে পাটকেলঘাটা বাজারে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে আমার পথচলা শুরু হয়। এরপর নব্বইয়ের গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ২৪-এর আন্দোলনেও দীর্ঘ সময় মামলা ও কারাভোগের মধ্য দিয়ে রাজনীতির সংগ্রাম চালিয়ে গেছি। এর মাঝে হামলা, মামলা আর নির্যাতনের কোনো শেষ ছিল না। অতএব আমার রাজনৈতিক জীবনটাই গেছে সংগ্রামের মধ্য দিয়ে।’

তিনি বলেন, ‘যতদিন বেঁচে আছি, তালা-কলারোয়া তথা সাতক্ষীরার মানুষের জন্য এই সংগ্রাম ও লড়াই চালিয়ে যাব। মানুষের ভাগ্যোন্নয়নে সব সময় কাজ করে যাব।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘এই দলকে ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলবাণিজ্য কিংবা কোনো অন্যায় করে, তাহলে সে যে দলেরই হোক না কেন, তার কোনো ছাড় হবে না।’ একই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশ পাবে। দেশের মানুষের প্রয়োজন শুধু ঐক্যবদ্ধ হয়ে তাঁকে সহযোগিতা করা। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মিনাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার এবং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ রিজভী আহমেদ, ফারুক, সদস্য সচিব আবির হোসেন, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম আজাদ এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন্নেসা মিনি।

অনুষ্ঠানে তালা উপজেলার ১২টি ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, জিয়া পরিষদসহ বিএনপি ও এর সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন