সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে একটি হাঁস-মুরগির ঘর থেকে প্রায় ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁস-মুরগির ঘরের দরজা খুলে দিলে দুটি হাঁস ও একটি মুরগি বাইরে বেরিয়ে আসে। তবে বাকি হাঁস-মুরগি বের না হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে মুক্তার গাজীর স্ত্রী ঘরের ভেতরে উঁকি দিয়ে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান। সাপটি দেখে আতঙ্কে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সিপিজির (কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ) সদস্যরা। পরে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন।
সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিই। পরে বন বিভাগের লোকজন এসে অজগর সাপটি উদ্ধার করে।”
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন জানান, অজগরটি সুন্দরবন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা সাপটি সুন্দরবনের গভীরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।







