রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় সরকার ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল ইমাম আযম মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। সংশ্লিষ্টরা বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে না দেওয়া এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধনের এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।







