তালায় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছার হরিঢালী ইউনিয়নের কথিত দখলদারদের কবল থেকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগীরা বক্তব্য দেন। এ সময় শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কপোতাক্ষ নদের ভাঙনে তাঁদের রেকর্ডীয় জমি নদীগর্ভে বিলীন হওয়ার পর তা পাইকগাছার সোনাতনকাটি ও মাহমুদকাটি এলাকায় জেগে ওঠে। তাঁদের দাবি, সেখানে প্রায় ১০০ একর রেকর্ডীয় জমি রয়েছে এবং তাঁরা প্রায় ২০ বছর ধরে তা ভোগদখল করে আসছেন।

তাঁদের অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর মইনুর গাজীর নেতৃত্বে ২০-২৫ জন ব্যক্তি ওই জমিতে প্রবেশ করে ফসল ও মৎস্য ঘের লুটপাট, গাছ কেটে নেওয়া এবং ঘেরে আগুন দেওয়াসহ মাছ ধরে নিয়ে যান। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বক্তারা দ্রুত জমি উদ্ধারের পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি দুই উপজেলার সঙ্গে সংশ্লিষ্ট। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিষয়টি জানাব।”

বিজ্ঞাপন