সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ভোমরা ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে ফিতা কেটে সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, নির্বাচনে পরাজিত হলেও জনগণের পাশে থাকার অঙ্গীকার থেকে তিনি সরে যাননি। সাতক্ষীরার উন্নয়নে প্রয়োজনীয় কাজগুলো বাস্তবায়নে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমি নির্বাচনে পরাজিত হয়েছি, তাতে কী হয়েছে। আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায়। সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’
বেইলি ব্রিজটি দ্রুত সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সেখানে একটি পাকা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এই বেইলি ব্রিজ ভেঙে খুব শিগগিরই এখানে পাকা ব্রিজ নির্মাণ করব, ইনশাআল্লাহ।’
এ সময় জামায়াতে ইসলামীকে নিয়েও রাজনৈতিক বক্তব্য দেন তিনি। পাশাপাশি ব্রিজটির সংস্কারের বরাদ্দ নিয়ে বিভিন্ন মহলের প্রচারণার সমালোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের পরও আব্দুর রউফ এলাকার মানুষের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজটির সংস্কার কাজ শুরু হয়েছে।
তাঁদের দাবি, প্রাথমিকভাবে ব্রিজটি সংস্কারের জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও ওই অর্থে সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়। পরে ব্রিজটি সংস্কারে ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ড্রিম ভিশন কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজটি বাস্তবায়ন করছে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরার বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং কিছু প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।
অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, যুগ্ম সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালিদ হোসেন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর ব্রিজটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা গেছে।







