পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে বলে তিনি মনে করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার জন্য দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে শহিদুল ইসলাম মুকুল আরও অভিযোগ করেন, ওই দিন রাজধানীর পল্টনে সংঘর্ষ ও সহিংসতায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বহু নেতাকর্মী নিহত হন। নিহতদের মরদেহের ওপর নৃত্য করার ঘটনাও ঘটেছিল বলে তিনি দাবি করেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, অফিস সেক্রেটারি রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় ও তুফান মোড় অতিক্রম করে বড়বাজার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন