সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদকবিরোধী প্রতিবাদে রক্তপাত, মানববন্ধনে কঠোর হুঁশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ১:৪৩:২১ অনলাইন সংস্করণ

0-0x0-0-0#

সাতক্ষীরার কুখরালী দক্ষিণপাড়া (খালকান্দা) এলাকায় মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় গাঁজা সাপ্লায়ার হিসেবে পরিচিত গাজা সাত্তারের পুত্র নূর হোসেন ও তার নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের হামলায় ৮-১০ জন নারী-পুরুষ গুরুতর আহত হয়েছেন।

আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (১৩ জুন) বিকালে কুখরালী দক্ষিণপাড়ায় এক জনাকীর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় ৩০০ জন এলাকাবাসী অংশ নেন। অনুষ্ঠানে কড়া বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য আলী নুর খান বাবলু, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুল হামিদ, মাওলানা রুস্তম আলী তাওহিদী, জাহিদুজ্জামান জাহিদ এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিনুর রহমানসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলী নুর খান বাবলু বলেন, “নূর হোসেন এলাকায় গাঁজা সরবরাহ করে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ মানুষের ওপর হামলা আমাদের জন্য লজ্জাজনক। প্রশাসনের কাছে দাবি, এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।”

আলী আশরাফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকার শান্তি বিনষ্টকারী নূর হোসেনের মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমরা চাই, আমাদের এলাকা মাদকমুক্ত হোক। প্রশাসনের নীরবতা আর সহ্য করা যায় না।”

সাইফুল ইসলাম বলেন, “নূর হোসেনের হামলা শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের সমাজের মূল্যবোধের ওপর আঘাত। আমরা এর বিচার চাই এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কামনা করি।”

আব্দুল হামিদ জানান, “মাদক এলাকার যুব সমাজকে গ্রাস করছে। নূর হোসেনের মতো ব্যক্তিরা এর পেছনে মূল হোতা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এলাকায় শান্তি ফিরবে না।”

মাওলানা রুস্তম আলী তাওহিদী বলেন, “ইসলামে মাদক নিষিদ্ধ। নূর হোসেনের কার্যকলাপ শুধু আইনের নয়, ধর্মেরও পরিপন্থী। আমরা এলাকাবাসী মিলে এর বিরুদ্ধে লড়ব।”জাহিদুজ্জামান জাহিদ বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নূর হোসেনের এই সন্ত্রাস আমরা মেনে নেব না।”শাহিনুর রহমান বলেন, “এলাকার মানুষ শান্তিতে বাঁচতে চায়। কিন্তু নূর হোসেনের মতো মাদক ব্যবসায়ীরা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী নূর হোসেন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, মাদক ব্যবসার নেটওয়ার্ক ধ্বংস এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

তারা বলেন, “আমরা আমাদের এলাকাকে মাদকমুক্ত দেখতে চাই। নূর হোসেনের মতো অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, নূর হোসেন দীর্ঘদিন ধরে কুখরালীসহ আশপাশের এলাকায় গাঁজা সরবরাহ করে আসছে। তার এই অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করলে তিনি কিশোর গ্যাং নিয়ে হামলা চালান, যা এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

মানববন্ধন শেষে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং প্রয়োজনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ কী হবে, তা নিয়ে এলাকায় চলছে তীব্র জল্পনা।

আরও খবর