Hridoy Barta

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা এবং প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা ও সনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল সরদার, মেডিকেল অফিসার ডা. মো. মোকলেছুর রহমান, সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারসহ সংশ্লিষ্টরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান জানান, তালা উপজেলার ১২টি ইউনিয়নে প্রতিবন্ধিতা সনাক্তকরণের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের সনাক্তকরণ জরিপ সম্পন্ন করা হয়েছে। জরিপের মাধ্যমে আবেদনকারীদের প্রতিবন্ধিতার ধরন ও অবস্থান যাচাই করে প্রয়োজনীয় সরকারি সেবা ও সুযোগ-সুবিধার আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সরকারি বিভিন্ন সহায়তা ও সেবার আওতায় আনতে এ ধরনের সনাক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।