Hridoy Barta

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি

“মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ন্যাশনাল চাইল্ড ফোরামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।

সমাবেশে সুশীলনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত শিশু ফোরামের ১০০ জন এবং যুব ফোরামের ১০০ জন সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে শিশু ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের কুফল সম্পর্কে শিশু-কিশোর ও তরুণদের সচেতন করার পাশাপাশি অনলাইন জুয়া এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। নিজেদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানোর আহ্বান জানান বক্তারা।

সমাবেশে যুব ও শিশুদের অংশগ্রহণে মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহারসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি একটি সুস্থ, মাদকমুক্ত ও সম্ভাবনাময় সমাজ গঠনে শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।