ডেস্ক রিপোর্ট ১৮ জানুয়ারি ২০২৬ , ৬:৫২:১১ অনলাইন সংস্করণ
নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাতক্ষীরার গণমাধ্যমকর্মীদের নিয়ে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির আয়োজনে রবিবার ( ১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিআইবির হলরুমে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের প্রথম দিন। এতে সাতক্ষীরা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন,“নির্বাচনকালীন সাংবাদিকতা শুধু খবর প্রকাশ নয়, এটি গণতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সঠিক তথ্য, যাচাই ও আইনের প্রতি শ্রদ্ধাই একজন সাংবাদিকের প্রধান শক্তি।”
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কাঠামো, নির্বাচনকালীন সরকারি প্রশাসনের ভূমিকা, সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতা, নির্বাচন রিপোর্টিংয়ের কৌশল, নির্বাচন আইন, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং ভুয়া তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল, দৈনিক ইত্তেফাকের রাজনৈতিক ও নির্বাচন সম্পাদক সাঈদুর রহমান এবং পিআইবির গবেষক ছিদ্দিক ফারুক অংশগ্রহণ করে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে বক্তারা নির্বাচনকালীন সাংবাদিকতার ঝুঁকি, সংবাদ সংগ্রহ ও প্রচারে বাধা প্রদান করলে সংশ্লিষ্ট আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডসহ বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও করণীয় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
এতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন, বাসস ও টাইমস অব বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, এখন টিভির আহসান রাজিব, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, খবরের কাগজের নাজমুল শাহাদাত জাকির, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধুসহ মোট ২৪ জন সাংবাদিক।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচনকালীন তথ্য বিভ্রান্তি রোধে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

















