সাহেব রেজা, শ্যামনগর প্রতিনিধি ১৩ জুন ২০২৬ , ৪:০০:৪৯ অনলাইন সংস্করণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সামাজিক বনায়নের উদ্যোগে উপজেলার নকিপুর সরকারি এইচ.সি. মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শামসুজ্জাহান কনক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়ন বিভাগের প্রতিনিধিরা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় জনপদ শ্যামনগর জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর অন্যতম। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধির মতো নানা প্রতিকূলতার বিরুদ্ধে প্রাকৃতিক সুরক্ষা বলয় গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তাদের নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয় এবং উপস্থিতদের মাঝে চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে শ্যামনগর উপজেলাজুড়েও ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করে একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

















