নিখোঁজের দুই দিন পর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
HridoyBarta

সাতক্ষীরায় নিখোঁজের দুই দিন পর আমিরন নেছা (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ জুলাই কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আমিরন নেছা।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আমিরন নেছা গত ১৩ জুলাই তার নিজ বাড়ি কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেত খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক পর্যায়ে বুধবার রাতে স্থানীয়রা সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে প্রায় ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই তার মরদেহটি উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহের পাশ থেকে চিকিৎসা-সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। ওই কাগজপত্রের সূত্র ধরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, দুই দিন আগে নিখোঁজ হওয়া আমিরন নেছা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। তবে, এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

বিজ্ঞাপন