মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সাতক্ষীরার প্রতিষ্ঠান ‘শিকারি ব্র্যান্ড বিডি’। দীর্ঘ ১১ বছরের পথচলা শেষে ১২ বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে কেক কাটা, ফটোসেশন, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে শিকারি ব্র্যান্ড বিডির প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের টিম সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
২০১৫ সালের ২৮ মার্চ সাতক্ষীরা শহর থেকে ছোট পরিসরে যাত্রা শুরু করে শিকারি ব্র্যান্ড বিডি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও মাহফুজ আহমেদ এবং সহ-প্রতিষ্ঠাতা ইমরুল কায়েস পিয়াসের নেতৃত্বে ১৫-২০ জন তরুণকে নিয়ে শুরু হয়েছিল এ উদ্যোগ। মফস্বল শহরের গণ্ডি পেরিয়ে আধুনিক ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
দীর্ঘ এক দশকের বেশি সময়ের পথচলায় সেই ছোট উদ্যোগ এখন পরিণত হয়েছে একটি প্রতিষ্ঠানে। বর্তমানে দেশের ৩০টিরও বেশি জেলায় প্রায় ৩ হাজার ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেছে শিকারি ব্র্যান্ড বিডি। ঢাকায় শাখা কার্যালয়সহ প্রতিষ্ঠানটির কার্যক্রমে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন অসংখ্য তরুণ।
দেশের বিভিন্ন অঞ্চলে কাজের সুনাম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের কার্যক্রম ও সাফল্যের স্বাক্ষর রেখেছে শিকারি ব্র্যান্ড বিডি। প্রতিষ্ঠানটির আলোকচিত্রীদের তোলা ছবি আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিকারি ব্র্যান্ড বিডির প্রতিষ্ঠাতা ও সিইও মাহফুজ আহমেদ বলেন, “আমার কাছে শিকারি ব্র্যান্ড বিডি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি ভালোবাসার পরিবার। ২০১৫ সালে যাত্রা শুরুর সময় ভাবিনি প্রতিষ্ঠানটি একদিন আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছাবে। ১১ বছরের এই পথচলায় যারা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম আরও উজ্জ্বল করাই আমাদের প্রধান লক্ষ্য।”








