পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়। মাস্টার মো. সিরাজুল ইসলাম হেলালের সভাপতিত্বে এবং মাওলানা বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মো. রফিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
র্যালিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত রাসুলপ্রেমী অংশ নেন। র্যালিটি শ্যামনগর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সামছুদ্দীন।
এসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, শিক্ষা ও মহান চরিত্র অনুসরণ করলে সমাজ থেকে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মহানবী (সা.) তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে ন্যায়, সাম্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং মানুষের কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। বর্তমান সময়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ ও শিক্ষা অনুসরণ করা অত্যন্ত জরুরি।








