আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

  আন্তর্জাতিক ডেস্ক : ৩ আগস্ট ২০২৫ , ৪:২০:২০ অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় একদিনে আরও ৯৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৯ জন।

শনিবার (২ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৪৩০ জনে। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭২২ জনে।

বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনো অনেক মরদেহ আটকা পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। ফলে প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যে ত্রাণ নিতে গিয়েও মৃত্যুর শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ২৭ মে থেকে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ কার্যক্রম শুরুর পর আহত হয়েছেন আরও ১০ হাজার ৬৭ জন।

এ নিয়ে ত্রাণ নিতে গিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে আকস্মিক হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়।

এর জবাবে সেই দিন থেকেই গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। দীর্ঘ ১৫ মাস চলা এই আগ্রাসনের মধ্যে একাধিকবার যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

সবশেষ ২০২৪ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু তা মাত্র দুই মাসের মাথায় ১৮ মার্চ ভেঙে আবারও গাজায় হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় দীর্ঘস্থায়ী হামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা চলছে।

আরও খবর