আন্তর্জাতিক ডেস্ক : ৪ আগস্ট ২০২৫ , ৮:২৩:৫৩ অনলাইন সংস্করণ
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা দায়ের করা বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ এখন নিজেই তদন্তের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের অফিস অব স্পেশাল কাউন্সেল (ওএসসি) নিশ্চিত করেছে, ফেডারেল কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিরুদ্ধে প্রচলিত হ্যাচ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে স্মিথের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
২০২২ সালের নভেম্বরে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড স্মিথকে বিশেষ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেন। ওএসসি একটি স্বাধীন সংস্থা, যার ক্ষমতা সীমিত — তারা অপরাধমূলক অভিযোগ আনতে পারে না, তবে জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে।
এই তদন্ত নিয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, বাইডেন বা তার ছেলে হান্টার বাইডেনকে নিয়ে তদন্ত চালানো অন্য বিশেষ প্রসিকিউটরদের বিরুদ্ধে এখনো কোনো তদন্ত শুরু হয়নি।
উল্লেখ্য, ওএসসিতে সম্প্রতি নেতৃত্বের পরিবর্তন ঘটেছে। ট্রাম্পের মনোনীত নতুন প্রধান পল ইনগ্রাসিয়া একজন কট্টর ডানপন্থি পডকাস্টার, তিনি এখনো সিনেটের অনুমোদন পাননি। বর্তমানে জেমিসন গ্রিয়ার সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান।















