কালিগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৩:৪৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র প্রভাষক আনিছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি শেখ নাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক কাজী সাইফুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সরকারি অধ্যাপক ইয়াকুব আলী, ক্রীড়া শিক্ষক প্রদীপ কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কাজী তৌহিদ হাসান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, “শিক্ষার্থীদের কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সুস্থ দেহে সুস্থ মন গড়ে ওঠে খেলাধুলার মাধ্যমে। তাই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে শেখ নাজমুল হোসেন বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে এবং জাতি গঠনে কার্যকর অবদান রাখে। আগামী দিনে এখান থেকেই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে।”
দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ১৬টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানের পর কুচকাওয়াজ, দৌড় প্রতিযোগিতা, ফুটবল, ভলিবলসহ নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন লালটু ইসলাম, আব্দুর রাশেদ, আতাউর রহমান, মোনায়েম হোসেন ও রাকিব হোসেন। খেলাগুলো পরিচালনায় সহযোগিতা করেন শিক্ষক শহিদুল ইসলাম।

















