কালিগঞ্জ

মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতককে কোলে নিলেন ইউএনও অনুজা মন্ডল

  কালিগঞ্জ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৯:৪০ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলে জন্ম নিল ফুটফুটে এক কন্যাশিশু। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেয় নবজাতকটি।
শিশুর জন্মের খবর পেয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ। ইউএনও নিজ হাতে নবজাতককে কোলে তুলে নেন এবং তার সুস্থতা ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রায় এক মাস আগে উপজেলার মৌতলা বাজার এলাকায় অন্তঃসত্ত্বা অবস্থায় ওই মানসিক ভারসাম্যহীন নারীকে দেখতে পান স্থানীয়রা। পরে এলাকাবাসী ও কমিউনিটি ক্লিনিকের কর্মীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা ও পরিচর্যার দীর্ঘ এক মাস পর অবশেষে সুস্থভাবে সন্তানের জন্ম দেন তিনি।
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নবজাতকের নিরাপত্তা ও সঠিক লালনপালনের জন্য সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এদিকে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভধারণ ও সন্তানের জন্ম নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহল বলছেন, এই নারীকে কে বা কারা শোষণ করেছে এবং এর পেছনে কারা জড়িতরা খতিয়ে দেখা জরুরি।
উপজেলা প্রশাসনের এক সূত্র জানায়, নবজাতকটি মেয়ে শিশু। শিশুটির ভবিষ্যৎ যাতে অন্ধকারে না যায়, সে ব্যাপারে সরকার সর্বোচ্চ দায়িত্ব নেবে।

আরও খবর